সাত কলেজের শিক্ষার্থীদের নীলক্ষেত অবরোধ, ভোগান্তিতে রাজধানীবাসী

সিজিপিএ শর্ত শিথিল করে তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশনের দাবিতে নীলক্ষেত অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্টি হয়েছে চরম যানজট, ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

রবিবার (২৭ আগস্ট) দুপুর ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে থেকে একটি মিছিল বের করে টিএসসি, ভিসি চত্বর হয়ে নীলক্ষেত মোড়ে এসে রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে আজিমপুর থেকে মিরপুর রোড পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।

সরেজমিন দেখা গেছে, দীর্ঘ যানজটের কারণে ভোগান্তিতে পড়েছেন অফিস ফেরত মানুষ। ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদেরও। মিরপুর থেকে আজিমপুরের দিকে যাওয়ার পথে থামতে হচ্ছে নীলক্ষেতে। মাঝ পথে বাস থেকে নামতে হচ্ছে অফিস ফেরত যাত্রীদের। রাস্তা পরিবর্তন করে পলাশী হয়ে নিউমার্কেট থানার সামনে দিয়ে কাটাবনের দিকে যাচ্ছে কিছু গাড়ি। এ কারণে রাজধানীর বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

শিক্ষার্থীদের সড়ক অবোরধে রাজধানীতে যানজট। ছবি: নাসিরুল ইসলাম

নীলক্ষেত মোড় হয়ে হলে ফিরতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলের শিক্ষার্থীদের। কিন্তু রাস্তা অবরোধ করায় হলে ফিরতে ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। বঙ্গমাতা হলের শিক্ষার্থী লাবণ্য তাসফি বলেন, ‘তারা একটা অযৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করে সাধারণ মানুষের ভোগান্তি বাড়াচ্ছে। হলে আসতে বাস লাগে, তাদের আন্দোলনের কারণে বাস বন্ধ। হেঁটে হলে যাবো, সেখানেও তারা বাধা দিচ্ছে, হাত দিয়ে পথ আগলে রেখেছে।’

শ্যামলীতে টিউশনি করাতে যাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুর রহিম। বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন তিনি। আবদুর রহিম বলেন, ‘দুদিন পর পর এভাবে পথ আগলে মানুষকে কষ্ট দেওয়ার কোনও যৌক্তিকতা দেখি না। তাদের অযৌক্তিক দাবিতে সাধারণ মানুষকে কষ্ট দেওয়াটা অমানবিক।’

সাত কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ। ছবি: নাসিরুল ইসলাম

এ বিষয়ে জানতে চাইলে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল গনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা শিক্ষার্থী এবং বিভিন্ন কলেজের শিক্ষকদের সঙ্গে কথা বলার চেষ্টা চালিয়ে যাচ্ছি। শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে নেওয়ার জন্য শিক্ষকদের অনুরোধ জানানো হয়েছে। আশা করি শিক্ষকরা শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক অবরোধ থেকে সরিয়ে নেবেন। বিষয়টি নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও কথা বলছি। নীলক্ষেত মোড় এলাকায় যান চলাচল বন্ধ থাকায় আশপাশে যানজট সৃষ্টি হয়েছে।’

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, তাদের দাবি যৌক্তিক। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।