ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে তিন দিন বয়সী নবজাতক (পুত্র) চুরির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুর ২টার পর গাইনি বিভাগের ১০৬ নম্বর ওয়ার্ডে ঘুমন্ত মায়ের কাছ থেকে শিশুটি চুরি হয়ে যায়। শিশুটির নাম রাখা হয়েছিল আব্দুল্লাহ। ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক এ তথ্য জানান।
ভোলা সদর উপজেলার শান্তির হাট গ্রামের রাজমিস্তি হিরন মিয়ার সন্তান আব্দুল্লাহ। বর্তমানে মিরপুরের রূপনগরে পরিবার নিয়ে থাকেন হিরন। শিশুটির মায়ের নাম শাহানা বেগম। এই দম্পতির এটাই প্রথম সন্তান।
মঙ্গলবার (২৯ আগস্ট) শাহিনাকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই রাত ৮টায় সিজারের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেন তিনি।
শিশুটির দাদি বলেন, ‘আব্দুল্লাহকে তার মায়ের কাছে রেখে বারান্দায় কাপড় শুকাতে যাই। ফিরে এসে দেখি শিশু বেডে নাই। আশপাশে অনেক খুঁজাখুঁজির পর গেটে ডিউটিরত আনসারদের বিষয়টি জানাই।’
তিনি আরও বলেন, ‘জন্মের পর অব্দুল্লাহ তার মায়ের দুধ পাচ্ছিল না। পর একই ওয়ার্ডে ভর্তি থাকা নুসরাত দুধদানে এগিয়ে আসে। তার নবজাতক আইসিইউতে থাকায় সে এই সহযোগিতা করে।’
ওই ওয়ার্ডে ডিউটিরত আনসার সদস্য মিঠুন বলেন, ‘শিশুটির দাদি দুপুর আনুমানিক সোয়া ২টার দিকে আমাকে বলেন, আধাঘণ্টা ধরে আমাদের শিশুটিকে পাচ্ছি না। তিনি যে সময়ের কথা বলছেন, সে সময় মাসুদ নামে আরেকজন ডিউটিতে ছিলেন। আমার সময়ে শিশু নিয়ে কাউকে যেতে দেখিনি।’
ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি, একটি শিশু ওয়ার্ড থেকে মিসিং হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক। আমরা ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি। তারা কাজ করছে। নবজাতকের স্বজনদের উপস্থিতে আইনশৃঙ্খলা বাহিনীকে আমাদের সিসিটিভির ফুটেজ দেখাছি। তারা ফুটেজ দেখে শনাক্ত করে ব্যবস্থা নেবে।’
তিনি বলেন, ‘আমাদের এখান থেকে কোনও শিশু ছাড়পত্র ছাড়া বের হতে পারে না। প্রতিটি গেটেই আনসার মোতায়েন রয়েছে। এ শিশুটি কীভাবে বের হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।’
এদিকে খবর পেয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন সিসিটিভি ফুটেজ দেখছেন। তিনি বলেন, ‘পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
সিসিটিভির ফুটেজে প্রাথমিকভাবে দেখা গেছে, এক নারী জরুরি বিভাগের পাশে ভ্যাকসিন দেওয়ার গেট দিয়ে শিশু কোলে নিয়ে যাচ্ছেন।