সদ্য পাস করা চিকিৎসকের আত্মহত্যার অভিযোগ

রাজধানীর তেজগাঁওয়ে সুস্মিতা সাহা নামে এক নারীর চিকিৎসকের আত্মহত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজারুল ইসলাম এ তথ্য জানান।

জামালপুর সরিষাবাড়ী উপজেলার আরামনগর বাজারের সনজিত কুমার সাহার মেয়ে সুস্মিতা।

ওসি বলেন, ‘এক মাস ধরে তেজগাঁওয়ের নাখালপাড়া এলাকায় বান্ধবীর বাসায় থাকতেন সুস্মিতা। সেখানেই সোমবার দিবাগত রাতে ঘুমের ওষুধ খান তিনি। পরে গুরুতর অবস্থায় তাকে তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।’

তিনি বলেন, ‘মিরপুর ডেন্টাল কলেজ থেকে সদ্য পাস করা চিকিৎসক সুস্মিতা। তবে তিনি কোথাও চিকিৎসা দিচ্ছিলেন না। একটি মুসলিম ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। ওই ছেলের সঙ্গে অভিমান করে ঘুমের ওষুধ খান। তিনি একটি চিরকুট লিখে গেছেন, যা ইতোমধ্যে জব্দ করেছে পুলিশ।’