রাজধানীর মোহাম্মদপুরে বুদ্ধিজীবী বেড়িবাঁধ সড়কে কুকুরকে বাঁচাতে গিয়ে অটোরিকশা উল্টে আহত আরোহীর মৃত্যু হয়েছে। তার নাম আক্তার হোসেন (৫৪)। বুধবার (৪ অক্টোবর) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।
ভোলা সদর উপজেলার উত্তর দীঘলদী গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে আক্তার। বর্তমানে বিডিআর এক নম্বর গেটের পাশে পরিবার নিয়ে থাকতেন। তিনি নিউমার্কেটের খাবার হোটেলের ব্যবসায়ী ছিলেন।
মৃতের মেয়ের জামাই শাহীন জানান, মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে কেরানীগঞ্জে তাবলীগ জামাতের জোর অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন আক্তার হোসেন। সেখানে থেকে ওইদিন দুপুরে ব্যাটারিচালিত অটোরিকশায় বাসায় ফিরছিলেন। মোহাম্মদপুরে বেড়িবাঁধ সড়কে এলে একটি কুকুর তাদের গাড়ির সামনে পড়ে। চালক কুকুরটিকে বাঁচানোর জন্য চলন্ত অবস্থায় টার্ন নিতে গিয়ে অটোরিকশা উল্টে যায়। এতে আক্তার হোসেন গুরুতর আহত হন। পরে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’