রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রবিবার (১৫ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ী থেকে র্যাব ১০-এর একটি আভিযানিক দল তাদের গ্রেফতার করে। র্যাব ১০ এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন এ তথ্য জানান।
গ্রেফতার ব্যক্তিরা হলেন– মোহাম্মদ রনি (২৪), ইমন হোসেন (২৩), মো. বাবু (২৪), মো. মনির (২৩)। তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত দুটি চাকু উদ্ধার করা হয়েছে।
মো. ফরিদ উদ্দিন বলেন, ‘গ্রেফতার ব্যক্তিরা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছিল। বিশেষ করে পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনিয়ে নিতো। তাদের বিরুদ্ধে ছিনতাই মামলা হয়েছে। সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে তাদের।’