রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. হাসান (২২) নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে বসিলা এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।
মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলার কুলসুমপুর গ্রামের জয়নাল মোল্লার ছেলে হাসান। তিনি মোহাম্মদপুর বসিলার একটি আবাসিক মাদ্রাসার শিক্ষার্থী।
আহতের বড় ভাই মো. দীপু জানান, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে খাওয়া শেষে বাইরে হাঁটাহাঁটি করতে বের হয় হাসান। সে হাঁটাহাঁটি করছিল আর তার কয়েকজন সহপাঠী বল নিয়ে খেলছিল। খেলা শেষে তারা মাদ্রাসায় চলে যায়। হাসান মাদ্রাসার গেটের বাইরে বসেছিল। এ সময় পাঁচ থেকে ছয় জন যুবক এসে তার মোবাইল ফোন নেওয়া চেষ্টা করে। সে দিতে না চাইলে ধস্তাধস্তি হয়। এক পর্যায় ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায়। তবে মোবাইল ফোনটি নিতে পারেনি। তার মাথা-দুই হাতসহ শরীরের কয়েক স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। পরে রাতেই তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
দীপু আরও জানান, বুধবার সকালে হাসানকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) রেফার করেছেন চিকিৎসকরা। তার হাতের রগ কেটে গেছে।
মো. বাচ্চু মিয়া বলেন, ‘বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’