২৮ অক্টোবর নাশকতার আশঙ্কা নেই: ডিএমপির গোয়েন্দা প্রধান

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান হারুন অর রশিদ বলেছেন, ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কোনও নাশকতার আশঙ্কা নেই। তবে পুলিশের চেকপোস্ট ও অভিযান অব্যাহত থাকবে। চেকপোস্ট বসানো পুলিশের রুটিন কাজ। পাশাপাশি আদালতের পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারের কাজও নিয়মিত চলবে।

রবিবার (২২ অক্টোবর) রাজধানীর মিন্টো রোড ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হারুন অর রশিদ বলেন, ‘প্রতিদিন অনেক বহিরাগত ঢাকায় আসেন। তাদের মধ্যে অনেকে এসে বিভিন্ন ধরনের অপরাধ করেন। রাজধানীতে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এবং কেউ যাতে নাশকতা করতে না পারে সে জন্য চেকপোস্ট বসানো হয়। অপরাধের বিরুদ্ধে অভিযান চালানোর কারণে ঢাকায় মানুষ সুন্দরভাবে চলাচল করতে পারছে। অপরাধ কমে আসছে।’

তিনি বলেন, ‘ঢাকা শহরে এক সময় একাধিক রাজনৈতিক দল সমাবেশ করতে পারত না। কিন্তু বর্তমানে একই দিনে তিন চারটি সমাবেশ হচ্ছে, প্রত্যেকটি সমাবেশস্থলে পুলিশ নিরাপত্তা দিচ্ছে।’

ডিবির এই কর্মকর্তা বলেন, ‘অতীতে বড় বড় সমাবেশ হয়েছে, কোথাও কোনও নাশকতার ঘটনা ঘটেনি। ২৮ অক্টোবরও নাশকতার আশঙ্কা নেই। আমরা আশা করি, কোনও কিছু ঘটবে না। ডিএমপি কমিশনারের অনুমোদিত সমাবেশে আমরা পর্যাপ্ত নিরাপত্তা দেবো।’