রাজধানীর সবুজবাগে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৩২ বছর। রবিবার (২২ অক্টোবর) সকালে সবুজবাগের সিঙ্গাপুর গলিতে একটি আমগাছ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রুবিনা আউয়াল এ তথ্য জানান।
এসআই বলেন, ‘রবিবার সকালে খবর পেয়ে সবুজবাগের সিঙ্গাপুর গলির একটি আমগাছ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে বিকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
তিনি বলেন, ‘ওই নারীর পরনে ছিল গোলাপি প্রিন্টের মেক্সি। তার পেট ফোলা ছিল। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন কিনা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।’
তার পরিচয় পাওয়ার চেষ্টা চলছে বলেও জানান এসআই।