মাঠ-পার্ক রক্ষায় এলাকাবাসীকে সচেতন হতে হবে: মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘১৮টি পার্ক এবং চারটি খেলার মাঠ নির্মাণ করেছি। এই মাঠ ও পার্কগুলো রক্ষণাবেক্ষণ করতে হবে। সিটি করপোরেশন মাঠ নির্মাণ করে দিলেও এটি কিন্তু এলাকার জনগণই ব্যবহার করবে। তাই মাঠের যেন কোনও ক্ষতি না হয়, সে বিষয়ে এলাকাবাসীকে সচেতন হতে হবে। এলাকাসীকে আহ্বান জানাচ্ছি, উন্নয়ন করা মাঠ-পার্ক দেখে রাখবেন, রক্ষা করবেন।

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাজধানীর মধুবাগ এলাকায় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল কমপ্লেক্স পাঠাগার ও মধুবাগ খেলার মাঠ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল।

প্রধান বক্তা হিসেবে ডিএনসিসি মেয়র বলেন, ‘অবৈধ দখলমুক্ত করে আধুনিক সুবিধা সংবলিত মাঠ ও পার্ক নির্মাণ করেছি। খেলাধুলার সুযোগ করে দিতে, মাদকমুক্ত সমাজ গড়তে সহায়তা করবে এ সব মাঠ।’

মধুবাগ এলাকায় রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এক সময় এই মধুবাগে অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হতো। এখন আর তা হয় না। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে। বৃষ্টি হলে এখন অল্প সময়ের মধ্যেই পানি নেমে যায়।’

আতিকুল ইসলাম বলেন, ‘সেদিন দেখলাম, বিএনপির তারেক রহমান নতুন একটি হ্যাশ ট্যাগ দিয়েছেন। সেটির নাম, টেকব্যাক বাংলাদেশ। এর মানেটা কী? বাংলাদেশকে আরও পেছনে নিয়ে যাওয়া? আবার বোমাবাজি, হিন্দুদের ঘরে ঘরে গিয়ে লুণ্ঠন করা? তারা উন্নয়ন চায় না, জঙ্গিবাদ চায়। আমরা উন্নয়ন চাই।’

বক্তব্য শেষে ডিএনসিসি মেয়র প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে মাঠ উদ্বোধন করেন। পরে মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনও করেন তিনি। অনুষ্ঠানে আসাদুজ্জামান খান কামাল কমপ্লেক্স পাঠাগারে আইসিটি মন্ত্রণালয়ের সহযোগিতায় শেখ রাসেল ডিজিটাল আইসিটি ল্যাবের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে আরও ছিলেন– ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, নগর পরিকল্পনাবিদ স্থপতি ইকবাল হাবিব, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আমিরুল ইসলাম প্রমুখ।