রাজধানীর তেজগাঁওয়ে নির্মাণাধীন ভবনের ষষ্ঠতলা থেকে পড়ে শেখ বরকত হোসেন (৪৯) নামে এক ব্যবস্যায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ওই ভবনের লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান তিনি। তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহবুবুর রহমান এ তথ্য জানান।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার পূর্ব নাখালপাড়ার মৃত শেখ আব্দুল মতিনের ছেলে বরকত হোসেন।
এসআই বলেন, ‘মঙ্গলবার বিকাল পৌনে ৬টায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার নাবিস্কো রোডে নির্মাণাধীন ওই ভবনে যান বরকত হোসেন। ওই সময় তিনি নির্মাণ কাজের তদারকি করছিলেন। এক পর্যায়ে ষষ্ঠতলায় লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান। ওপর থেকে কিছু পড়ার শব্দ পান বাড়ির কেয়ারটেকার আলাল খন্দকার। তিনি এগিয়ে গিয়ে দেখতে পান ভবন মালিক বরকত হোসেন পড়ে আছেন। পরে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।