রাজধানীর মিরপুরে মঙ্গলবার (৩১ অক্টোবর) একটি গার্মেন্টসের শ্রমিকদের আন্দলনের সময় সংঘর্ষে জোসনা বেগম নামে এক পোশাককর্মী নিহত হয়েছেন বলে গুজব ছড়ানো হয়। এরপর বুধবার দিনভর পোশাক শ্রমিকদের আন্দোলন চলমান থাকে। তবে জোসনা হত্যার শিকার হননি। তাকে মিরপুরের পল্লবী এলাকা থেকে বুধবার জীবিত উদ্ধার করেছে র্যাব-৪।
র্যাব ৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘জোসনা হত্যার গুজব ঘিরে বুধবার পোশাককর্মীরা আন্দোলন করে। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার সময় তারা র্যাবকে জানায়, জোসনাকে হত্যা করে লাশ গুম করা হয়েছে।’
র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘এ বিষয়ে গোয়েন্দা নজরদারী ও তদন্ত শুরু করে র্যাব। পরে বুধবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৪ নিখোঁজ জোসনা বেগমকে পল্লবীর কালশী এলাকা থেকে জীবিত উদ্ধার করে। বর্তমানে তিনি নিজ বাসায় সুস্থ ও স্বাভাবিক আছেন। র্যাব-৪ সার্বক্ষণিক তার সঙ্গে যোগাযোগ রাখছে।’
উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে নাশকতাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।