ছিনতাইকারীদের একটি চক্র প্রথমে কোনও এক পথচারীকে টার্গেট করতো। তাদের মধ্যে তিন জন নির্দিষ্ট স্থানে দাঁড়াতো। একজন টার্গেট করা পথচারীকে দাঁড় করিয়ে বলতো ‘আপনাকে বড় ভাই ডাকছেন’। পথচারী কথিত বড় ভাইয়ের কাছে গেলে ছোরার মুখে তারা সবকিছু ছিনিয়ে নিতো। এমন অভিযোগে চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১১ নভেম্বর) রাজধানীর মিরপুরের কাজীপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য জানান।
গ্রেফতার ব্যক্তিরা হলেন– মো. অরিন (২৬), জামাল উদ্দিন সাগর (২৭), রনি (৩০) ও ইব্রাহিম প্রকাশ ইমন (১৯)। তাদের কাছ থেকে দুটি ছোরা উদ্ধার করা হয়েছে।
ওসি বলেন, ‘গ্রেফতার চার জন মিরপুরের চিহ্নিত ছিনতাইকারী। অরিনের বিরুদ্ধে চারটি এবং সাগর, রনি ও ইমনের বিরুদ্ধে দুইটি করে মামলা রয়েছে। অরিন তাদের দলনেতা। তারা টার্গেট করা পথচারীকে দাঁড় করিয়ে বলতো ‘আপনাকে বড় ভাই ডাকছেন’। পথচারীও কথিত বড় ভাইয়ের কাছে চলে যেতো। পরে ছোরার মুখে পথচারীর সবকিছু ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতো তারা।’
ওসি জানান, শনিবার তারা ছিনতাইয়ের জন্য কাজীপাড়ায় অপেক্ষা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে গেলে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে তাদের গ্রেফতার করা হয়।’