আড্ডা দেওয়ার সময় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৭ তরুণ

সাভারের আমিন বাজারে শুক্রবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটেছে। এতে সাত তরুণ দগ্ধ হয়েছেন। দগ্ধ সাত তরুণকে রাতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

বার্ন ইনস্টিটিউটে আনা সাত তরুণ হচ্ছে মো. রায়হান, মো: হারিস, মো: নাহিদ, মো: জুয়েল , মো: মোনারুল, মো: আল- আমিন এবং মো: রুবেল। দগ্ধ সবার বয়স ১৯ থেকে ২৫ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে ঢামেক পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে সাভারের আমিন বাজার এলাকায় একটি বাড়ির দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ঘরে আড্ডা দিচ্ছিলেন সাত তরুণ।এক পর্যায়ে এক যুবক সিগারেট ধরানোর জন্য ম্যাচ জ্বালালে বদ্ধ ঘরে জমে থাকা গ্যাস ও আগুনের স্পর্শে  বিস্ফোরণ ঘটে। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, আহতরা একই এলাকার বাসিন্দা। তাদের কেউ দিন মজুর, কেউ গার্মেন্টস কর্মী।

দগ্ধ সাতজনের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। দুজনকে ভর্তি করেছেন চিকিৎসক। এ ছাড়া বাকিদের পর্যাবেক্ষণে রাখা হয়েছে।

তিনি বলেন, দুই দিন আগে ওই ঘরের পাশে গ্যাসের লাইনে কাজ করা হয়েছিল। তাদের ধারণা, দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ঘরটি গ্যাসে আচ্ছন্ন ছিল, আর আগুনের স্পর্শ পেয়ে বিস্ফোরণ ঘটে তারা দগ্ধ হয়েছেন।