রাজধানীতে ট্রেনের ধাক্কায় এনজিওকর্মীর মৃত্যু

রাজধানীর খিলক্ষেত রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী মহনগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নুর-ই-আলম তৈমুর (৩৪) নামে এক এনজিওকর্মির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শ্রী সুনীল চন্দ্র সূত্রধর এ তথ্য জানান।

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তৈমুরের ঠিকানা আদাবরের রামচন্দ্রপুর। তবে তিনি পরিবার নিয়ে থাকতেন খিলক্ষেত বেপারীপাড়ায়। তার বাবার নাম মাজহারুল ইসলাম। মা তাসলিমা খাতুন। তিরি সেভ দ্য চিলড্রেন নামে এনজিওর গুলশান-২ অফিসে টেকনিক্যাল স্পেশালিস্ট হিসেবে কাজ করতেন।

এসআই বলেন, ‘আজ সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে তৈমুর কানে হেড ফোন লাগিয়ে খিলক্ষেত রেলক্রসিং পার হচ্ছিলেন। এ সময় কমলাপুরগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি।’

তিনি বলেন, ‘মৃতের পরিবারকে খবর দেওয়া হলে তার স্ত্রী রুমী আক্তারসহ স্বজনরা ঘটনাস্থলে আসেন। রুমী জানান, তার স্বামী সকালে বাসা থেকে অফিসের উদ্দেশে বের হয়েছিলেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে বিনা ময়নাতদন্তে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এছাড়া, একই দিন সকাল ৬টার দিকে কমলাপুর রেলস্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে ঢাকা রেলওয়ে (কমলাপুর) পুলিশ। ওই নারীর বয়স আনুমানিক (৪৫) বছর। তিনি ওই এলাকাতেই ঘুরাফেরা করতেন বলে জানায় কমলাপুর রেলওয়ে থানা পুলিশ। পুলিশের ধারণা, তিনি অসুস্থ হয়ে মারা গেছেন।