রাজধানীতে ট্রাক-কাভার্ড ভ্যানের চাপায় হেলপার নিহত

রাজধানীর চানখাঁরপুল এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. মিলন (২৫) নামে ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর এ তথ্য জানান।

মিলন ভোলা জেলার বাসিন্দা। রাজধানীর আমিনবাজার এলাকায় থাকতেন।  

মিলনকে হাসপাতালে আনা ট্রাক চালক আসাদুল ইসলাম বলেন, ‘ট্রাকটি ঘোরানোর জন্য পেছনে নেমে সিগন্যাল দিচ্ছিল হেল্পার মিলন। ওই সময় পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে দুই গাড়ির মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হয় মিলন। উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’