বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

রাজধানীর মেরুল বাড্ডায় বিদ্যুৎপৃষ্টে মো. আরিফ (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে বাড্ডার ডিআইটি প্রোজেক্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

আরিফের গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলায়। মেরুল বাড্ডা আনন্দ নগর পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

মৃতের সহকর্মী শফিকুল ইসলাম জানান, আজ দুপুরে ভিআইপি প্রজেক্ট এলাকায় একটি নির্মাণাধীন ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় রড টানানোর কাজ করছিলেন আরিফ। এ সময় বাইরে বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাচ্চু মিয়া বলেন, ‘মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।’