নতুন বাজার থেকে আফতাবনগর পর্যন্ত নৌপথ চালু হবে: মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, হাতিরঝিলের আদলে সুতিভোলা খালকে সাজানো হবে। এই খাল দিয়ে আফতাবনগর পর্যন্ত নৌপথ চালু করা হবে।

বুধবার (১৩ ডিসেম্বর ২০২৩) দুপুরে সুতিভোলা খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় ডিএনসিসি মেয়র স্থানীয় কাউন্সিলরদের সঙ্গে নিয়ে সাঁতারকুল ব্রিজের নিচ থেকে নৌকায় চড়ে সরেজমিনে সুতিভোলা খাল পরিদর্শন করেন। পরে সাঁতারকুল স্কুল অ্যান্ড কলেজ মাঠে মমতবিনিময় করেন এলাকাবাসীর সঙ্গে।

মেয়র বলেন, ‘দখল ও দূষণমুক্ত করে হাতিরঝিলের আদলে সুতিভোলা খালকে নান্দনিকভাবে সাজানো হবে। নতুনবাজার একশ’ ফিট থেকে শুরু করে ঐতিহ্যবাহী সুতিভোলা খাল হয়ে আফতাবনগর পর্যন্ত চালু হবে নৌপথ। আধুনিকভাবে খালের পাড় বাঁধানো হবে, সবুজায়ন করা হবে। পাড় দিয়ে নির্মাণ করা হবে ওয়াকওয়ে ও সাইকেল লেন।’

আতিকুল ইসলাম বলেন, ‘উন্নত দেশগুলোতে বাড়ির সামনে খাল বা লেক রাখে। আমাদের দেশে খালকে ফেলা হয় বাড়ির পেছনে। পরবর্তী সময়ে সেই খাল ডাস্টবিন হিসেবে ব্যবহৃত হয়। এ জন্য একের পর এক খাল দখল হয়ে যাচ্ছে। এভাবে চলতে দেওয়া যায় না।’

খাল রক্ষায় এলাকাবাসীসহ সবাইকে এগিয়ে আসতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘খাল পরিষ্কার থাকলে মশা জন্মাবে না। মানুষ স্বস্তি পাবে। এ জন্য জনগণকে সতর্ক হতে হবে। আর কেউ যেন খাল দখল না করে। আমরা আজ কচুরিপানা পরিষ্কার করে দিলাম। নতুন করে যেন কেউ দখল না করে, সে জন্য ওয়ার্ড কমিটি গঠন করা আছে।’

নগরবাসীর উদ্দেশে মেয়র বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য খাল পরিষ্কার রাখতে হবে, দখলমুক্ত রাখতে হবে। না হলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের দায়ী করবে। কেউ যেন খালে ময়লা না ফেলে এ বিষয়ে জনগণকে সোচ্চার হতে হবে। যারা যত্রতত্র ময়লা ফেলে তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’

পরিদর্শনকালে অন্যান্যের সঙ্গে ছিলেন– ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফুল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাছিমা খানম এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলররা।