রাজধানীর সায়দাবাদে দুই বাসের মাঝে চাপা পড়ে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। তার নাম সাহেদ মিয়া শান্ত (১৮)। তিনি হানিফ পরিবহনের হেলপার ছিলেন। শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াকুব হোসেন এ তথ্য জানান।
উদ্ধারকারী রুবেল জানান, আজ দুপুর ১টার দিকে সায়েদাবাদ টার্মিনালে বাসের পাশে দাঁড়িয়ে মেরামতের কাজ করছিলেন শান্ত। ওই সময় ‘সেন্ট মার্টিন দ্বীপ’ পরিবহনের একটি বাস পেছনের দিকে এলে দুই বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে উদ্ধার করে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৩টায় তিনি মারা যান।
খবর পেয়ে হাসপাতালে আসেন নিহতের বড় ভাই শাওন মিয়া। তিনি জানান, নরসিংদী সদর উপজেলার বাউল পাড়া গ্রামের রঙমিস্ত্রি মিলন মিয়ার ছেলে শান্ত। তিনি হানিফ পরিবহনে কাজ করতেন।
এসআই ইয়াকুব বলেন, ‘মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আমরা খবর পেয়ে হাসপাতালে এসেছি।’