যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় পিকআপ ভ্যানের চাপায় ইয়াসিন বুলেট (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। যাত্রাবাড়ীর থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রশিদ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আজ সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজলা জামে মসজিদের পূর্ব পাশে সিটি করপোরেশনের কাজ করছিলেন ইয়াসিন। ওই সময় একটি পিকআপ ভ্যানের চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

বরিশালের বিমানবন্দর উপজেলার বিল্লুবাড়ি গ্রামের মন্টু হাওলাদারের ছেলে ইয়াসিন। বর্তমানে রাজধানীর কদমতলীর ধনিয়া শাহি মসজিদের গলি থাকতেন।