দুর্নীতিসহ পাঁচ মামলায় ৪৭ বছর সাজা পাওয়া আসামি আব্দুল লতিফ ভূঁইয়াকে (৫৫) গ্রেফতার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে রাজধানীর পল্টন এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) র্যাব-১০ এর অপস অফিসার উপ-পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, ‘সোমবার রাতে র্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পল্টন এলাকায় অভিযান চালায়। সে সময় ওই আসামিকে গ্রেফতার করা হয়।’
র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে লতিফ স্বীকার করেছে, লক্ষ্মীপুর সদর থানার দুর্নীতির মামলাসহ পাঁচ মামলায় ৪৭ বছরের সাজা পাওয়া আসামি সে। মামলার পর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’