রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকার লাউতলা রামচন্দ্রপুর খাল পুনরুদ্ধারে টানা তিন ধরে অবৈধ দখল উচ্ছেদ ও ময়লা পরিষ্কার কাজ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গত শুক্রবার থেকে শুরু হওয়া এই অভিযানে একটি নির্মাণাধীন ১০তলা ভবনসহ এ পযর্ন্ত ছয়টি স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত তৃতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চলে।
দুপুরে উচ্ছেদ অভিযান পরিদর্শন করেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। এ সময় তিনি বলেন, ‘খাল উদ্ধারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছি। খালের সীমানায় কোনও স্থাপনা থাকবে না। খাল দখলমুক্ত করতে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। অবৈধ স্থাপনা সরিয়ে নিতে আমি কাউকে আর বৈধ নোটিশ দেবো না। ময়লা ও দখলমুক্ত করে রাজধানীর খালগুলোর আগের রূপে ফেরানো হবে। অভিযান শুরু করেছি। এই অভিযান চলমান থাকবে।’
অভিযান পরিচালনা করেন ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।