চলমান কোটাবিরোধী আন্দোলন আজ চরম আকার ধারণ করেছে। আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মীরা হাতে লাঠিসোঁটা, রড, স্টিলের পাইপ নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া দিচ্ছেন একে অপরকে। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর আড়াইটায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে এই ধাওয়া-পাল্টা ধাওয়ার চলছে। এ সময় ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। যানবাহনের সঙ্গে সাধারণ মানুষের চলাচলও নেই বললেই চলে।
দেখা গেছে, কিছুক্ষণ পরপর ছাত্রলীগের কর্মীরা বাঁশ, কাঠ, লোহার রড, স্টিলের পাইপ নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ধাওয়া করছে। আবার শিক্ষার্থীরাও পাল্টা ধাওয়া করছে। এ সময় দুই পক্ষই একে অপরকে লক্ষ করে ইট-নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে আন্দোলনকারীদের ধাওয়ায় পিছু হটে ছাত্রলীগের কর্মীরা।
এ সময় সায়েন্স ল্যাবের একটি মার্কেটেরকর্মী মো. স্বপন ঢালী বলেন, ‘আজ প্রায় দুপুর ১২টা থেকেই এ রকম চলছে। মঙ্গলবার এই (সাইন্সল্যাব) এলাকার মার্কেট এমনিতেই বন্ধ থাকে। তবুও ফুটপাতে দোকান থাকে আবার কিছু কিছু মার্কেটের কিছু দোকানও খোলে। কিন্তু আজ ভয়ে কেউ খুলছে না।’