অনিয়মের অভিযোগে ঢামেকের দুই ওয়ার্ড মাস্টারসহ আটক ৫

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই ওয়ার্ড মাস্টারসহ পাঁচ জনকে আটক করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে তাদের আটক করা হয়। পরে ওই পাঁচ জনকে হাসপাতাল পরিচালকের কাছে সোপর্দ করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন– ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার রিয়াজ উদ্দিন, ওয়ার্ড মাস্টার জিল্লুর রহমান, রিয়াজ উদ্দিনের রুমে ডিউটি করা বহিরাগত (স্পেশাল) ও ডেইলি বেসিসের তিন চাকরিজীবী আকিবুল হাসান, তৌহিদুল ইসলাম ও সুমন হোসেন। এ সময় রিয়াজ উদ্দিনের বসা থেকে একটি খালি মদের বোতল, পুলিশ কেসের সিল, দা, লাঠিসহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের ভিজিটিং কার্ড, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের রিসিট বইসহ বেশকিছু কাগজপত্র উদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জমা দেন শিক্ষার্থীরা।

আটক ব্যক্তিরা জানিয়েছেন, জিল্লুর মোটা অঙ্কের টাকার বিনিময়ে ডেলি বেসিক হিসেবে অনেককে চাকরি দিয়েছেন। একই অভিযোগ রিয়াজের বিরুদ্ধেও।

শিক্ষার্থীরা বলেন, আমরা কোটা সহিংসতায় আহতদের খোঁজ-খবর নিতে ঢামেক হাসপাতালে আসি। তাদের সহযোগিতা করার চেষ্টা করে যাচ্ছি। হাসপাতালে আসা-যাওয়ার মাঝে আমারা কর্মচারীদের অনিয়ম দেখতে পাই।

তারা আরও বলেন, রিয়াজ শিকার করেছেন, হাসপাতাল থেকে একটি রোগী বাইরে কোনও হাসপাতালে নিয়ে গেলে রোগী প্রতি এক হাজার করে টাকা পেয়ে থাকেন তারা।

এ প্রসঙ্গে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘বেশকিছু শিক্ষার্থী বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই সরকারি কর্মচারীসহ পাঁচ জনকে আটক করে আমাদের কাছে দিয়েছেন। আমরা শিক্ষার্থীদের কাছ থেকে অভিযোগগুলো শুনেছি। বিষয়টি তদন্ত কমিটি করে বিধি অনুযায়ী দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’