সায়েন্সল্যাবের পরিস্থিতি এখন শান্ত

রাজধানীর আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের পর সায়েন্সল্যাব এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টা পর থেকে শুরু হওয়া সংঘর্ষে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘দুই কলেজের শিক্ষার্থীরা এখনও রাস্তায় রয়েছে। তবে পরিস্থিতি এখন শান্ত। শিক্ষার্থীদের মধ্যে আর সংঘর্ষ হচ্ছে না। আমরা দুই পক্ষের সঙ্গে আলোচনা করছি, তারা যেন রাস্তা ছেড়ে শান্তিপূর্ণভাবে চলে যান।’

এর আগে পাভেল নামে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে মঙ্গলবার দুপুরের দিকে সংঘর্ষে জড়ান দুই কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের অনেকের হাতে লাঠিসোঁটা দেখা যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। এ ঘটনায় সাংবাদিকসহ একাধিক শিক্ষার্থী আহত হন।