রাজধানীর মুগদা ও সবুজবাগ থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় দক্ষিণ মুগদা এলাকায় ফারজানা আক্তার আশা (২২) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। একইদিন সন্ধ্যায় সবুজবাগ কুসুমবাগের বাসা থেকে মনিরা খাতুন (২৮) নামে আরেক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দা আফসানা আফরোজা ও সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ফাতেমা এসব তথ্য জানান।
সবুজবাগ দক্ষিণ রাজারবাগের মো. আমির হোসেন কাঞ্চনের মেয়ে ফারজানা। বর্তমানে দক্ষিণ মুগদায় পরিবারের সঙ্গে থাকতেন। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মো. মোনাহার আলীর মেয়ে মনিরা। একই উপজেলার অটোচালক ফকির আলীর স্ত্রী।
মৃতের দুলাভাই ফয়সাল অনিক বলেন, ‘ফারজানা ছয় মাস আগে এক ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। ওই ছেলে প্রেমের ফাঁদে ফেলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ফারজানার কাছ থেকে বিভিন্ন সময় মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। পাশাপাশি বিভিন্ন জিনিসপত্র নিয়েছে। পরে ওই ছেলে কথা বলা বন্ধ করে দেয়। এ কারণে অভিমানে সে আত্মহত্যা করতে পারে।’
এসআই সৈয়দা আফসানা আফরোজা বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপারাল মর্গে পাঠানো হয়েছে।’
এসআই ফাতেমা বলেন, ‘মনিরা বাসা বাড়িতে ছুটা কাজ করতো। তার স্বামী ভাড়ায় অটোরিকশা চালাতেন। তাদের দুই সন্তান রয়েছে। অভাব অনটনের সংসার। কোনও সমিতির কিস্তি দেওয়া নিয়ে পারিবারিক কলহ সৃষ্টি হয়। এসব নিয়ে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে সে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া অন্য কোনও কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।’