প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে রাজধানীর মিরপুরে আবারও অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে ১০২টি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করে মোট ৩৭৬টি ব্যাটারি জব্দ করা হয়। জব্দ করা অটোরিকশা এবং ব্যাটারি উন্মুক্ত নিলামে ১৮ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) দুপুরে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের সামনের প্রধান সড়কে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান এ অভিযান চালান।
তিনি বলেন, ‘প্রধান সড়কে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে আমরা গত সপ্তাহ থেকে অভিযান শুরু করছি। প্রধান সড়কে বিপুল সংখ্যক অবৈধ অটোরিকশা চলাচলের ফলে ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছে। পাশাপাশি সড়ক দুর্ঘটনাও অনেক বেড়েছে। যানজট নিরসন ও সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে।’
অভিযানে আরও অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটড (ডেসকো)। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।