মোহাম্মদপুরের বসিলায় ফটোসাংবাদিক মো. নাঈমুর রহমানের ছিনতাই হওয়া ক্যামেরা উদ্ধার ও দেশীয় অস্ত্রসহ পেশাদার তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
গ্রেফতারকৃতরা হলো- ইয়াছিন ওরফে ভাইয়া ইয়াছিন (২০), মো. শিহাব (২২) ও মো. মানিক (২০)।
তালেবুর রহমান বলেন, শনিবার (১৬ নভেম্বর) মোহাম্মদপুর থানার গ্রীন ভিউ হাউজিং এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া ক্যামেরা (নিক্সন ডি-৮৫০) ও লেন্স এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাপাতি ও একটি সামুরাই উদ্ধার করা হয়।
ডিসি জানান, গত ১৩ নভেম্বর মো. নাঈমুর রহমান অফিসের কাজ শেষে পায়ে হেঁটে মোহাম্মদপুর থানার বসিলায় তার বড় ভাইয়ের বাসার যাচ্ছিলেন। এ সময় বসিলা রোডের সুজুকি বাইক সেন্টারের কালভার্টের কাছে ছিনতাইকারীরা চাপাতি ও সামুরাই দিয়ে ভয়-ভীতি দেখিয়ে নাঈমুরের তার কাছ থেকে নগদ সাত হাজার টাকা, জাতীয় পরিচয়পত্র, মানিব্যাগ, ক্যামেরার চার্জার, ব্যাটারি, মেমোরি কার্ডসহ একটি ক্যামেরা (নিক্সন ডি-৮৫০), ক্যামেরার লেন্স, ক্যামেরার ব্যাগ ও একটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় মো. নাঈমুর রহমান চারজনের নাম উল্লেখ করে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার সুষ্ঠু তদন্ত ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত আরেক পলাতক আসামি আশরাদুলকে গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান ডিসি।