সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে আহ্ছানিয়া মিশনের মোমবাতি প্রজ্বলন

সড়ক দুর্ঘটনায় প্রাণ ও সম্পদের ক্ষয়ক্ষতি বিশ্বব্যাপী একটি অন্যতম প্রধান সামাজিক, অর্থনৈতিক ও জনস্বাস্থ্যগত সমস্যা। তাই নিরাপদ সড়কের দাবি যেমন দিন দিন জোরালো হচ্ছে, তেমনি এ লক্ষ্য অর্জনে নিরাপদ সড়ক গড়তে একটি ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রয়োজন বলে মন্তব্য করেছেন শিক্ষার্থীরা। ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের আয়োজনে সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে ‘ওয়ার্ল্ড ডে অব রিমেমব্রেন্স ফর রোড ট্রাফিক ভিক্টিমস’ দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলনে একথা বলেন তারা।

রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া এভিনিউ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশে অর্ধশত তরুণের অংশগ্রহণে এই মোমবাতি প্রজ্বলন করা হয়।এই কর্মসূচিতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্য, ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের কর্মকর্তা, রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশের সদস্য সংস্থার প্রতিনিধি এবং শিক্ষার্থীরা এতে অংশ নেন। এসময় তারা ‘সড়ক নিরাপত্তা আইনের’ দাবি জানান।

উল্লেখ্য, সড়ক পরিবহন আইন-২০১৮ মূলত মোটরযান আইন। যেখানে মোটরযানের ফিটনেস, লাইসেন্স, রুট পারমিট ও আইন ভঙ্গের জরিমানাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। এই আইনে সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তার বিষয়টি অনুপস্থিত।