রাজধানীর আদাবরে নবদম্পতিকে জিম্মি করে অর্থ আত্মসাতের চেষ্টা ও মারধরের অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রবিবার (২৯ ডিসেম্বর) রাতে মোহাম্মদিয়া হাউজিং সোসাইটির ১০ নম্বর রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে ৯৯৯-এর মাধ্যমে তথ্য পেয়ে রাত দেড়টার দিকে ঘটনাস্থল থেকে ভুক্তভোগীদের উদ্ধার ও জড়িত তিন জনকে গ্রেফতার করে আদাবর থানা-পুলিশ। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাকারিয়া এ তথ্য জানান।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো জসীম (৩৩), জিহাদুল ইসলাম শুভ (১৯) ও ফয়সাল (১৮)।
ভুক্তভোগী ইকবাল জানান, তিনি ও তার স্ত্রী মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি এলাকার ১০ নম্বর রোডে ভাড়া বাসায় থাকেন। একই এলাকার রিপন মিয়ার নেতৃত্বে ১৫-২০ জন রবিবার রাত সাড়ে ১০টার দিকে তাদের বাসায় আসে। ইকবাল বিয়েবহির্ভূত সংসার করছেন, এমন অভিযোগ তুলে তাদের মারধর ও চাঁদা দাবি করে। এ সময় তার স্ত্রীকে অন্য রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করে বলেও অভিযোগ করেন ভুক্তভোগী ইকবাল।
তিনি বলেন, ‘সাত মাস আগে পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়েছে। আমি একটি খাবার হোটেলে কাজ করি। আমার স্ত্রী একটি ডে-কেয়ার সেন্টারে কাজ করে। গ্রামের বাড়ি থেকে কাবিনের কাগজের ছবি তুলে তাদের পাঠানো হয়। এরপরও তারা আমাদের জিম্মি করে রাখে। পরে পুলিশ বাসায় এসে আমাদের উদ্ধার করে।’
ওসি বলেন, ‘মোহাম্মদিয়া হাউজিংয়ের একটি বাসায় এক নবদম্পতিকে জিম্মি করে চাঁদাবাজ চক্রের সদস্যরা চাঁদা আদায়ের চেষ্টা করে। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভুক্তভোগীদের উদ্ধার করে ঘটনার সঙ্গে জড়িত তিন জনকে আটক করি। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় মামলা দায়ের করেছে। পরে আটক তিন জনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়।’