বাংলামোটরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

রাজধানীর বাংলামোটরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৪৫ বছর। শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে বাংলামোটর কনকর্ট টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ডিএমপির হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল এ তথ্য জানান।

তিনি বলেন, ‘শুক্রবার দুপুরে বাংলামোটর কনকর্ট টাওয়ারের সামনে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় ওই নারী গুরুতর আহত হন। খবর পেয়ে সেখান থেকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে ওই নারী ওই এলাকায় ভিক্ষাভিত্তি করতেন। তার পরিচয় নির্ণয়ে সিআইডি ক্রাইম সিন ইউনিট কাজ করছে।’