রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পোশাককর্মী নিহত

রাজধানীর মিরপুর কালশীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. সিয়াম মৃধা (১৫) নামের পোশাককর্মী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক মো. নয়ন (১৮)।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কালশী ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।

নিহতের দুলাভাই মোহাম্মদ রিয়াজ বলেন, তার শ্যালক সিয়াম নয়ন নামে তার এক বন্ধুর মোটরসাইকেলের করে যাচ্ছিলেন। সে সময় দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা দুজনই সিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে সেখান থেকে গুরুতর আহত অবস্থায় সিয়াম মৃধাকে রাত পৌনে একটার  দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল চালক আহত নয়নকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট পল্লবী থানায় অবগত করা হয়েছে।

নিহত সিয়ামের গ্রামের বাড়ি বাগেরহাট জেলায়। তার বাবার নাম মো. আবু বক্কার। বর্তমানে মিরপুর ইষ্টার্ন হাউজিং এলাকায় পরিবারের সঙ্গে থাকতো। তিনি মিরপুরের একটি পোশাক কারখানা চাকরি করতো।