কাকরাইলে ভবন থেকে পড়ে প্রাণ গেলো শ্রমিকের

রাজধানীর কাকরাইলে একটি দ্বিতীয় তলা ভবনের সিলিংয়ে রংয়ের কাজ করার সময় পড়ে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম মোহাম্মদ তাইজুল (৩৫)। 

শনিবার (১৮ জানুয়ারি) সকালে কাকরাইলে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। 

তাইজুল মাদারীপুর জেলার শিবচর উপজেলার তোতা খানের ছেলে। বর্তমানে খিলবাড়ির টেক এলাকায় থাকতেন।

নিহতের সহকর্মী দেলোয়ার খালাসী বলেন, কাকরাইল মোড়ে একটি ভবনের ভেতরে প্রায় ২০ ফুট উঁচুতে কাজ করছিলাম। সে ছিল একপাশে আমি আরেক পাশে। অসাবধানতাবশত মাচা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় তাইজুল। পরে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসারত অবস্থায় বেলা সাড়ে ১১টায় দিকে তার মৃত্যু হয়। 

মো. ফারুক বলেন, মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।