ডেমরায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত, বন্ধু আহত

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় দ্রুতগতির মোটরসাইকেল দুর্ঘটনায় আরাফাত উদ্দিন (১৭) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু মো. শান্ত (১৭) আহত হয়েছেন।

শনিবার (৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন।

নিহত আরাফাত নারায়ণগঞ্জ আদমজী এলাকার একটি কলেজের শিক্ষার্থী এবং তিনি ডেমরার বামৈইল এলাকায় বসবাস করতেন। আহত শান্ত বর্তমানে ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার কারণ সম্পর্কে জানতে চাইলে তাদের বন্ধু তৌহিদ জানান, দ্রুতগতির কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। তবে সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।  

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এদিকে ঢামেক হাসপাতালে নিহত আরাফাতের আরেক বন্ধু জুনায়েদ জানান, তারা সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।