খামারবাড়িতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের অবস্থান 

কৃষি সম্প্রসারণ অধিদফতরের (ডিএই) মহাপরিচালক (ডিজি) ছাইফুল আলমসহ আওয়ামী দোসরদের অপসারণের দাবিতে রাজধানীর খামারবাড়িতে অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। তাদের সঙ্গে সংহতি জানিয়ে ফেস্টুন হাতে খামারবাড়ির সামনে সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীরা। 

খামার বাড়ি মোড়ে ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীদের অবস্থান

রবিবার (১৬ মার্চ) দুপুর থেকে তারা সড়ক অবরোধ করে রাখে। বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা স্থান ত্যাগ করলেও এখনও সড়কে অবস্থান করতে দেখা গেছে ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীদের।

ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীদের মুখোমুখি আইনশৃঙ্খলা বাহিনী

পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সেখানে অবস্থান নিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। কৃষি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সড়ক থেকে আন্দোলনকারীদের সরে যাওয়ার বিষয়ে কাজ করছেন পুলিশ ও সেনা সদস্যরা।

ব্যানার নিয়ে সড়কে অবস্থান নেন ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীরা

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে টহলরত সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অবস্থান কর্মসূচি ভন্ডুল করে দেয়। এসময় অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কর্মকর্তাদের সরে যেতে দেখা যায়। তবে ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীরা ততক্ষণে খামারবাড়ি মোড়ে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীদের নেতৃত্বে ছিলেন গণ অধিকার পরিষদের অর্থ সম্পাদক কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম।

রাস্তায় বসে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীরা

জানা যায়, বৃহস্পতিবার (১৩ মার্চ) ডিএইর প্রশাসন ও অর্থ উইংয়ের উপ-পরিচালক ড. মুহাম্মদ মাহবুবুর রশীদকে মেহেরপুরের বারাদি হর্টিকালচার সেন্টারে উপ-পরিচালক পদে বদলির প্রজ্ঞাপন জারি করে কৃষি মন্ত্রণালয়। মাহবুবুর রশীদের স্থলাভিষিক্ত করা হয় উদ্ভিদ সঙ্গনিরোধ উইংয়ের উপ-পরিচালক (আমদানি) মো. মুরাদুল হাসানকে। এই বদলি ঘিরে খামারবাড়িতে এ অস্থিরতা তৈরি হয়েছে।