রাজধানীতে মোটরসাইকেল ধাক্কায় পথচারী নিহত, আহত স্বামী-স্ত্রী

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় শাহ আলম (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক ও তার স্ত্রীও আহত হয়েছেন।

শুক্রবার (২ মে) সন্ধ্যা ৬টার দিকে কারওয়ান বাজারে স্টার বেকারির বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় পথচারীরা তিন জনকে উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পথচারী শাহ আলমকে মৃত ঘোষণা করেন।

উদ্ধার করে ঢামেকে নিয়ে আসা পথচারী নাঈম সরকার বলেন, স্টার বেকারির সামনে রক্তাক্ত অবস্থায় এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখি। সঙ্গে মোটরসাইকেলের স্বামী-স্ত্রীও রাস্তায় পড়ে ছিল। পরে তাদের হাসপাতালে নিয়ে যাই।

আহত মোটরসাইকেল চালক সাইদুল ইসলাম (৩৪) বলেন, আমি ও আমার স্ত্রী সাবিহা বেগম (৩০) বসুন্ধরায় শপিং শেষে বাসায় ফিরছিলাম। এ সময় পথচারী ওই বৃদ্ধ রাস্তা পার হচ্ছিলেন। আমি মোটরসাইকেল থামিয়েও আবার চালু করি। তখনই তিনি হঠাৎ সামনে এসে পড়লে ধাক্কা লাগে। এতে আমরা তিন জনই ছিটকে পড়ে যাই।

নিহত শাহ আলম নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ধনুপুর গ্রামের মৃত আব্দুল খালেক কালামিয়ার ছেলে। বর্তমানে তিনি গাজীপুরের কালিয়াকৈরের গোয়ালবাথন এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

তার ছেলে আলাউদ্দিন জানান, দুই দিন আগে বাবা গাজীপুর থেকে গ্রিন রোডে আমার বাসায় বেড়াতে আসেন। হঠাৎ সন্ধ্যায় জানতে পারি তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন জানান, রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল ধাক্কায় পথচারীসহ তিন জনই আহত হন। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বৃদ্ধকে মৃত ঘোষণা করেন। লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আহত দম্পতি সাইদুল ইসলাম ও সাবিহা বেগম বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।