ভারত থেকে ঢাকায় আসছিল মাদকের চালান 

আড়াই মণ গাঁজা ও ৫২ বোতল মদসহ গ্রেফতার ২

আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে ভারত থেকে ঢাকায় আসা ১০০ কেজি (২ দশমিক ৫ মণ) গাঁজা ও ৫২ বোতল বিদেশি মদের একটি চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। একইসঙ্গে চোরাকারবারি চক্রের সদস্য সৌরভ ঘোষ (২৩) ও মো. শাহিনকে (৩০) গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৭ মে) সকালে রাজধানীর মহাখালী থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো. উত্তর কার্যালয়ের সদস্যরা মাদকের চালানসহ আসামিদের গ্রেফতার করে।

এদিন দুপুরে তেজগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো. উত্তর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএনসির ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম। এসময় ডিএনসি ঢাকা মেট্রো. উত্তর কার্যালয়ের উপ-পরিচালক শামীম আহম্মেদ, সহকারী পরিচালক মেহেদী হাসান, উত্তরা সার্কেলের পরিদর্শক বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন। 

তিনি জানান, আসন্ন ঈদকে কেন্দ্র করে একটি চক্র অবৈধ বিদেশি মদ ও অন্যান্য মাদক ঢাকা ও আশেপাশে বিভিন্ন জেলায় সরবরাহের তৎপরতা চালাচ্ছে। একটি গোপন সূত্র ধরে আমরা সিন্ডিকেটটির সদস্যদের চিহ্নিত করতে সক্ষম হই এবং তাদের গতিবিধি ও কার্যক্রম মনিটরিং করতে থাকি। এক পর্যায়ে তথ্য বিশ্লেষণ করে আমরা জানতে পারি, চক্রটি মাদকের বড় একটি চালান ঢাকার মহাখালী এলাকায় সরবরাহ করবে। সে মোতাবেক আমরা এনা পরিবহণের একটি গাড়িকে গাজীপুরের পূবাইল থেকে অনুসরণ করতে থাকি এবং বাসটি মহাখালী আসলে গতিরোধ করে সন্দেহভাজন ২ জনকে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ করি। 

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা মাদকের চালানের সত্যতা স্বীকার করে এবং তাদের দেখানো অনুযায়ী বাসটির চাকার উপরে বিশেষ কায়দায় লুকানো ১০০ কেজি গাঁজা ও ৫২ বোতল বিভিন্ন ব্যান্ডের বিদেশি মদ উদ্ধার করি।

গ্রেফতার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে তিনি জানান, আসামিরা সুনামগঞ্জের সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্যগুলো সংগ্রহ করে ঢাকা ও ঢাকার আশেপাশে জেলায় তাদের ডিলারদের কাছে সরবরাহ করে। 

শওকত ইসলাম জানান, এই চক্র মাদকের একাধিক চালান ঢাকায় এনেছে। তাদেরকে অধিক জিজ্ঞাসাবাদে সিন্ডিকেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই বাছাই করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ সম্মেলনে ডিএনসির ঢাকা মেট্রো. উত্তর কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে পরিদর্শক বেলায়েত হোসেন বাদী হয়ে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক একটি দায়ের মামলা করেছে। তাদের আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে।