রাজধানীর মিরপুর পল্লবীতে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। শনিবার (৩১ মে) দিবাগত রাত ৩টার দিকে মিরপুর-১১ বাউনিয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রবিবার (১ জুন) এ তথ্য জানিয়েছে র্যাব।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— পারভেজ ওরফে বাংলা পারভেজ (৩০) এবং মো. ইসমাইল হোসেন (২৭)। এ সময় ছিনতাই করা একটি আইফোনসহ মোট ৪টি মোবাইল উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গত ২৪ মে রাতে পল্লবী মেট্রোরেল স্টেশনের নিচে একা পথ চলতে থাকা ভিকটিম আল-আমিন রানার (৩২) পথরোধ করে তার কাছ থেকে আইফোন ১৩ মডেলের একটি মোবাইল ছিনিয়ে নেয় এই চক্র। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক প্রচার পায়।
পরবর্তী সময়ে ছায়া তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৪ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা র্যাবকে জানিয়েছে, তারা সিএনজি বা অটোরিকশায় ঘুরে টার্গেট খুঁজে ছিনতাই করতো। এ চক্রে উল্লেখযোগ্য সংখ্যক সদস্য রয়েছে। তারা দীর্ঘদিন ধরে নিরীহ পথচারীদের মোবাইল ফোন ছিনিয়ে নিচ্ছে।
ছিনতাই করা মোবাইল ফোনগুলোর আইএমইআই নম্বর পরিবর্তন ও পরিবর্ধন করে ঢাকা মহানগরসহ আশপাশের এলাকায় গোপনে বিক্রি করতো।