গুপ্ত ও প্রকাশ্য কোনও রাজনীতিই চান না শিক্ষার্থীরা

হল পর্যায়ে ছাত্ররাজনীতি নিয়ন্ত্রিত থাকবে: ঢাবি উপাচার্য

‘হল পর্যায়ে ছাত্ররাজনীতির বিষয়ে ২০২৪ সালের ১৭ জুলাই হল প্রভোস্টের নেওয়া সিদ্ধান্ত বহাল থাকবে’ বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান। তবে পাশাপাশি তিনি বলেন, ‘হল পর্যায়ে ছাত্ররাজনীতি নিয়ন্ত্রিত থাকবে।’

শনিবার (৯ আগস্ট) রাত আড়াইটায় হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি একথা বলেন।

উপাচার্যের ওই বক্তব্যে শিক্ষার্থীরা ‘না, না’ বলে প্রতিবাদ করে সম্পূর্ণভাবে নিষিদ্ধের দাবি করেন। এ সময় শিক্ষার্থীরা হলে হলে শিবিরের গুপ্ত কমিটি প্রকাশের দাবির পাশাপাশি হলে হলে ছাত্রদলের কমিটির সদস্যদের শাস্তির দাবিও করেছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করছেন। উপাচার্য, প্রক্টরসহ একাধিক শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন।

এর আগে, মধ্যরাতে হলে হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। গেট ভেঙে বের হয়ে আসেন নারী শিক্ষার্থীরা। 

এ সময় বিভিন্ন হল থেকে ছোট মিছিল নিয়ে এসে টিএসসিতে একত্র হন পুরুষ শিক্ষার্থীরাও। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা ভিসি চত্বরের দিকে যান।