কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় নেতা মো. আব্দুর রশিদ বখতিয়ারকে (৪৭) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকাল ৩টার দিকে খিলক্ষেত থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রাতে ডিএমপির মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি জানায়, মঙ্গলবার সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির এক নেতা নিকুঞ্জ-২ এলাকায় অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে বিকাল ৩টার দিকে নিকুঞ্জ-২ এলাকায় অভিযান পরিচালনা করে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুর রশিদ বখতিয়ারকে গ্রেফতার করে করা হয়।
গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।