কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্টে কারখানা মালিকের মৃত্যু 

রাজধানীর কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্টে মো. সজিব মিয়া (৩০) নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি স্টিলের ফ্লিপ কারখানার মালিক ছিলেন।

রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ এলাকায় নিজ কারখানায় এ ঘটনা ঘটে।

মৃতের ভগ্নীপতি মশিউর রহমান বলেন, তার নিজের কারখানায় যে কোনোভাবে বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়ে। সন্ধ্যায় খবর পাই—সে কারখানায় মারা গেছে। পরে সেখান থেকে অচেতন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

মৃত সজীব ভোলা দৌলতখান উপজেলার খায়ের হাট গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। বর্তমানে লালবাগ শহীদনগর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।