যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে সবজি ব্যবসায়ী আহত

রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. বাচ্চু (৬০) নামে এক সবজি ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। 

শুক্রবার (২২ আগস্ট)  সকাল ৬টার দিকে কুতুবখালী মাদ্রাসা রোডের কাঁচা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

আহত মো. বাচ্চু কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকার মৃত মুক্তার হোসেনের ছেলে।

স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে বাজারে যাওয়ার পথে ছিনতাইকারীরা তার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় তার সঙ্গে থাকা ১০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা উদ্ধার করে দুপুর ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। 

পরিদর্শক মো. ফারুক বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।