ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে নারী শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে নদীর পৃথক স্থান থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহগুলো ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। ৩ বছরের এক শিশু, দুই নারী ও একজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ।
কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আকতার হোসেন বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কেরানীগঞ্জে মীরেরবাগ কোল্ড স্টোরেজের কাছ থেকে মা-ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপরদিকে এর ২০ গজ দূরে বুড়িগঙ্গা নদীর জিনজিরা ইউনিয়নের মাদারীপুর জামে মসজিদের কাছ থেকে একজন নারী ও একজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সদরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. সোহাগ রানা জানান, বুড়িগঙ্গা নদীর তীরবর্তী কেরানীগঞ্জের মীরেরবাগ কোল্ড স্টোরেজের কাছ থেকে ভাসমান অবস্থায় প্রথমে ৩০ বছরের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। ওই নারীর গলায় কালো রঙের বোরকা পেঁচানো ও পরনে গোলাপি রঙের সেলোয়ার-কামিজ ছিল। ওই নারীর মরদেহ উদ্ধারের এক ঘণ্টা পরে একই স্থান থেকে ওড়না দিয়ে পেঁচানো ৩ বছরের এক ছেলে সন্তানের মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে কেরানীগঞ্জের বরিশুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব ইন্সপেক্টর মো. মোক্তার হোসেন জানান, রাত সাড়ে ৭টায় কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের মাদারীপুর জামে মসজিদের কাছ থেকে ৪০ বছরের এক পুরুষ ও ৩০ বছরের এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার করা পুরুষের পরনে কালো প্যান্ট ও চেক ফুল শার্ট রয়েছে। নারীর পরনে রয়েছে ছাই রঙের গেঞ্জি ও লাল রঙের সেলোয়ার। তাদের শরীরে আঘাতের সামান্য চিহ্ন রয়েছে।