রাজধানীর ভাটারা থানার গ্যারেজ থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ডিএমপি মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলো— ইব্রাহিম (২৮), রহমতুল্লাহ (২২) ও গ্রেফতার অন্য দুজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় নাম প্রকাশ করা হয়নি।
ভাটারা থানা সূত্রে জানা যায়, শনিবার (১০ জানুয়ারি) ভাটারা থানার গ্যারেজ থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় ভাটারা থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়। থানা পুলিশ মামলাটি তদন্তকালে সিসিটিভি বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় চুরির ঘটনায় জড়িতদের অবস্থান শনাক্ত করে। পরবর্তী সময় মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্চারামপুর মরিচাকান্দি ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতার ব্যক্তিরা আন্তঃজেলা চোরাই মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তারা এ ধরনের অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।