রাজধানীর যাত্রাবাড়ী, উত্তরা ও তেজগাঁও এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এসব তথ্য জানানো জয়।
ডিএমপির ডিসি এন এম নাসিরুদ্দিন জানান, যাত্রাবাড়ী এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে তিন হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় দু’জন, পুরোনো মামলায় তিনজন, গ্রেফতারি পরোয়ানামূলে একজন, অন্যান্য ধারায় একজন এবং মোবাইল কোর্টে ১২ জন রয়েছেন।
এদিকে, রাজধানীর উত্তরা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জনকে গ্রেফতার উত্তরা পশ্চিম থানা পুলিশ। তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা, ১৩ পুরিয়া গাঁজা এবং পাঁচ পুরিয়া হেরোইন জদ্ধ করা হয়। এছাড়া রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে তেজগাঁও থানায় চারজন, মোহাম্মদপুর থানায় ৩১ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দশজন, শেরে বাংলা নগর ও আদাবর থানায় পাঁচজন করে এবং হাতিরঝিল থানায় চারজন।
অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ।