গাবতলী হাটের গরু রাস্তায়, গাড়ি চলাচলে ধীরগতি

সকালের বৃষ্টিতে ভোগান্তি শুরু হয় রাজধানীর ঐতিহ্যবাহী গাবতলী হাটে। হাট ছাপিয়ে রাস্তায় গরু নিয়ে আসেন বিক্রেতারা। এতে গাবতলী বেড়িবাঁধ রুটের রাস্তা দেড় কিলোমিটার এলাকায় তীব্র যানজট তৈরি হয়। বাধ্য হয়ে গাড়ি বন্ধ করে বসে থাকেন চালকেরা।

মঙ্গলবার (২৬ মে) বেলা পৌনে ৩টার দিকে ওই এলাকা ঘুরে দেখা যায়, বেড়িবাঁধের রাস্তায় গাড়ি থামিয়ে বসে আছেন বিভিন্ন যানবাহনের চালক হেলপাররা। তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছেন তারা। পাশাপাশি ঘরমুখোরাও পড়ছেনন বিপাকে। বাধ্য হয়ে হেঁটে রওনা দেন অনেকে।

পিকআপ চালক সিরাজ বেড়িবাঁধের রাস্তায় দাঁড়িয়ে আছেন তিন ঘণ্টা। তিনি বলেন, “অনেকক্ষণ ধরে বসে আছি। তিন ঘণ্টায়ও এগুতে পারছি না। দেড় ঘণ্টা ধরে এক জায়গায় দাঁড়িয়ে আছি।”

বাংলা মোটর থেকে পিকআপ নিয়ে যাওয়া চালক আলাউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, “তিন ঘণ্টা আটকে আছি। এগুতে পারছি না।”

এদিকে, শেষ সময়ের বাড়ি ফেরানোর যাত্রায় গাবতলীতে প্রচুর মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। গাড়ি না পেয়ে অনেককে দাঁড়িয়ে থাকতেও দেখা গেছে। এছাড়া ঢাকা প্রবেশের রাস্তায় যানজট দেখা গেছে। রাজধানীর এই প্রবেশ মুখে প্রচুর পশুবাহী যানবাহন রয়েছে। 

অন্যদিকে, গাবতলী হাটে এখনও গরুর গাড়ি ভিড় করছে। হাটের মূল অংশে জায়গা না পেয়ে রাস্তায় গরু নিয়ে দাঁড়াচ্ছেন বেপারীরা।