রাজধানীর গুলিস্তানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে লাখ টাকা খুইয়েছেন আয়নাল হক তুহিন (৫০) নামের একজন দোকান কর্মচারী। তিনি নারায়ণগঞ্জের একটি সিরামিক দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকালে গুলিস্তানের শহীদ আহাদ পুলিশ বক্সের সামনে থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, অচেতন ওই ব্যাক্তি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অচেতন তুহিনের ছোট ভাই মো. তারিক জানান, তার বড় ভাই নারায়ণগঞ্জে একটি সিরামিক দোকানের কর্মচারী। সকালে তিনি মালামাল কেনার জন্য লাখ টাকা নিয়ে নারায়ণগঞ্জ থেকে যাত্রীবাহী বাসে করে গুলিস্তানে যাচ্ছিলেন। পরে তারা সংবাদ পান দুপুরে গুলিস্তান বাসস্ট্যান্ড শহীদ আহাদ পুলিশ বক্সের সামনে অচেতন অবস্থায় পড়েছিলেন তুহিন। সেখান থেকে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে পিজি হাসপাতালে নিয়ে যায় এবং তার ব্যবহৃত মোবাইল থেকে দোকান মালিককে সংবাদ দেয়। সেই সংবাদ পেয়ে পিজি হাসপাতাল থেকে তাকে উদ্ধার করে বিকাল ৫টার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। তার সঙ্গে থাকা টাকাগুলো পাওয়া যায়নি।
স্বজনরা ধারণা করছেন, অজ্ঞান পার্টির সদস্যরা অচেতন করে তার সঙ্গে থাকা টাকাগুলো নিয়ে গেছে।
অচেতন আয়নাল হক তুহিন নারায়ণগঞ্জ বন্দর উপজেলার রসুলপুর গ্রামের মৃত নুরুল হকের ছেলে।