৭০ হাজার টাকার জন্য স্ত্রীকে হত্যা

রাজধানীর শাহ আলীতে স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী মনিরুল ইসলাম ওরফে মিনারকে (৪৩) গ্রেফতার করেছে এসআরবি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এসআরবি-৪ এর একটি দল।

ব্যাটালিয়নটি জানায়, হত্যাকাণ্ডের শিকার ওই নারী তার গ্রামে জমি বন্ধক রেখে ৭০ হাজার টাকা পেয়েছিলেন। এই টাকা হাতিয়ে নিতেই স্ত্রীকে হত্যা করেন মনিরুল ইসলাম।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-৪এর পদাতিক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান।

তিনি বলেন, ওই নারীর প্রথম স্বামী প্রায় ১৪ বছর আগে মারা যান। এরপর ছয় মাস আগে মনিরুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন তারা বনানী এলাকায় থাকতেন। চলতি মাসের শুরুতে তারা শাহ আলীর চিলড্রেন পার্ক পানির পাম্প সংলগ্ন একটি টিনশেড বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।

হাফিজুর রহমান বলেন, ওই নারী তার গ্রামে জমি বন্ধক রেখে ৭০ হাজার টাকা পেয়েছিলেন। তার স্বামী সেই টাকা আত্মসাতের জন্য তাকে বিভিন্নভাবে চাপ দিতো বলে জানা গেছে। এ নিয়ে প্রায়সময় ঝগড়া-বিবাদ লাগতো। ওই নারী তার স্বামীকে টাকা দিতে অস্বীকৃতি জানান। এরপর থেকে তার ওপর প্রায় অমানুষিক অত্যাচার ও নির্যাতন চালতে থাকেন তার দ্বিতীয় স্বামী মনিরুল ইসলাম।

তিনি বলেন, গত ১৪ সেপ্টেম্বর রাতে দুই জনের মধ্যে বাকবিতণ্ডা ও মারামারি হয়। এক পর্যায়ে ওই নারী তার স্বামীর অণ্ডকোষ চেপে ধরলে মনিরুল তার হাতের কাছে থাকা চাকু দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহত ওই নারীর ছেলে বাদী হয়ে শাহ আলী থানায় একটি হত্যা মামলা করেন। গ্রেফতার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানায় পাঠানো হয়েছে।