রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৩৬ মিনিটে এফআর টাওয়ারের পাশের আহমেদ টাওয়ারের ২৩ তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ভবনটির ওই তলায় একটি বায়িং হাউজের অফিস রয়েছে।
ফায়ার সার্ভিসের বারিধারা স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ২৬ তলা ভবনের ২৩ তলায় আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তারা আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণও এখনও জানা যায়নি।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৮ মার্চ এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬ জন নিহত এবং প্রায় ৭০ জন আহত হয়েছিলেন।