মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি

মিরপুরের মেট্রোরেল পিলারগুলোতে জুলাই গ্রাফিতি আঁকার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে ডিএনসিসি জানিয়েছে, ‘লেটস রিমেক জুলাই গ্রাফিতি’ শীর্ষক এ ক্যাম্পেইনে নগরবাসীর অংশগ্রহণে মিরপুরের মেট্রোরেল পিলারগুলোতে জুলাই গ্রাফিতি অঙ্কনের মাধ্যমে নগরকে সাজিয়ে তোলা হবে।

ডিএনসিসি জানিয়েছে, ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় রং, ব্রাশসহ অন্যান্য সামগ্রী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সরবরাহ করা হবে। এর মাধ্যমে মেট্রোরেল পিলারগুলোতে জুলাই গ্রাফিতি অঙ্কনের পাশাপাশি নগরের সৌন্দর্য বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

বর্তমানে মিরপুরের মেট্রোরেল পিলারগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ চলছে। ক্যাম্পেইনের সময়, তারিখ ও স্থান শিগগিরই জানিয়ে দেওয়া হবে বলে ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়েছে।

ক্যাম্পেইনে নগরবাসীকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে ডিএনসিসি।