বাংলাদেশ রেলওয়ের ভূমি, পুকুর, জলাশয়, নার্সারিসহ অন্যান্য সম্পত্তির লিজগ্রহীতারা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনা জরিমানায় লাইসেন্স ফি পরিশোধ করতে পারবেন। হালনাগাদ হারে লাইসেন্স ফি পরিশোধের এ সুযোগ দেওয়া হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের ভূমির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার স্বার্থে নতুন নীতিমালা বা বিধি প্রণীত না হওয়া পর্যন্ত ‘বাংলাদেশ রেলওয়ে ভূ-সম্পত্তি ব্যবস্থাপনা নীতিমালা, ২০২০’-এর ৫২, ৫৩ ও ৫৪ নম্বর অনুচ্ছেদ সংশোধন করে লিজ ও লাইসেন্স ফি নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে গত ২৪ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনটি ২০২৫ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে।
এতে আরও বলা হয়, ২০২৫ সালের প্রজ্ঞাপন অনুযায়ী ইতোমধ্যে পরিশোধিত লাইসেন্স ফি পরবর্তী মেয়াদের দাবির সঙ্গে সমন্বয় করা যাবে। লিজগ্রহীতারা ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের লাইসেন্স ফি আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বিনা জরিমানায় পরিশোধ করতে পারবেন।
রেলওয়ের সম্পত্তি রক্ষা এবং রাজস্ব আদায়ে সহযোগিতা করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।